মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সাতকানিয়া থানার র্যালি ও সচেতনতায় কঠোর বার্তা
“তরুণ সমাজকে রক্ষায় পরিবার-সমাজ-প্রশাসনের সম্মিলিত উদ্যোগের আহ্বান”
হোসেন মিন্টু, চট্টগ্রামঃ
মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও আগামী প্রজন্মকে রক্ষা করতে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে ব্যাপক মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কঠোর বার্তা দেওয়া হয়।সাতকানিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
থানা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে সাতকানিয়ার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়। র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। র্যালি শেষে থানা প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্যও ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মাদকমুক্ত সাতকানিয়া গড়ে তুলতে আমরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারীদের গ্রেফতার, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং মাদকাসক্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। পুলিশ জানায়, মাদক নির্মূলে সাতকানিয়া থানা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করবে।পাশাপাশি স্থানীয় উন্নয়ন সংগঠন, যুবসমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আরও জোরালো উদ্যোগ নেওয়া হবে।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি সন্দেহভাজন মাদক কারবারীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তারা। কর্মসূচি শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ সাতকানিয়া গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

