কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পর দুই কিশোরীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার কাশিনগর আল আমিন মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করা হয়।
নিখোঁজের বিষয়টি জানার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে পুলিশ। দুই কিশোরীকে উদ্ধারে চৌদ্দগ্রাম মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সমন্বিতভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান শুরু করে।
একপর্যায়ে প্রযুক্তিগত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়। পরে কক্সবাজার ডিবি পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী পরিবারের সদস্যদের ওপর অভিমান করে স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যাওয়ার কথা জানিয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, উদ্ধারকৃত দুই কিশোরীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হবে

