সিএমপিতে একযোগে ৫ থানার ওসি রদবদল

অনলাইন ডেস্ক

“কর্ণফুলী, বায়েজিদ, পাঁচলাইশসহ গুরুত্বপূর্ণ থানায় নতুন দায়িত্বে একাধিক কর্মকর্তা”

হোসাইন মিন্টু:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। একযোগে পাঁচ থানায় নতুন ওসি নিয়োগের পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে নেওয়া এ প্রশাসনিক সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে সিএমপি।

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে কাউন্টার টেররিজম, ডিবি এবং সিটিএসবি ইউনিটে কর্মরত অভিজ্ঞ কর্মকর্তাদের থানার দায়িত্বে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদ-কে কর্ণফুলী থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিম-কে খুলশী থানার ওসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ারউদ্দিন-কে বদলি করে বায়েজিদ বোস্তামি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, ডিবি বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মণ্ডল-কে হালিশহর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রদবদলের ধারাবাহিকতায় খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হক-কে পাঁচলাইশ মডেল থানার ওসি করা হয়েছে। অন্যদিকে, পাঁচলাইশ মডেল থানার বর্তমান ওসি মো. জাহেদুল ইসলাম-কে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহ-কে সদরঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সিএমপির আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলির নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন-ক্রাইম), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), সংশ্লিষ্ট সব উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সিএমপির সব থানার অফিসার ইনচার্জদের কাছে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নগর পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ থানাগুলোতে দায়িত্ব দেওয়ার অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত