আনোয়ারায় সড়ক মেরামতে বাধা, গাছ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা

অনলাইন সংবাদদাতা

আনোয়ারা সদরের ডাকবাংলো সড়ক, হাউজিং সোসাইটি ও সংলগ্ন কবরস্থান সড়কের মেরামত ও উন্নয়নকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা গাছ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন হাউজিং সোসাইটির সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে গাছ অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা সদরের ডাকবাংলো এলাকায় গড়ে উঠছে হাউজিং সোসাইটি। দিন দিন ওই এলাকায় জনসাধারণের আনাগোনা বাড়ায় যোগাযোগব্যবস্থাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সোসাইটি সংলগ্ন কবরস্থান সড়কের পাশে থাকা একটি গাছের কারণে অ্যাম্বুলেন্সসহ বড় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি বিদ্যুতের তারেও ঝুঁকি বেড়েছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় মো. ফরিদ উদ্দিনের সড়কের পাশে থাকা কয়েকটি গাছ সড়ক মেরামত ও উন্নয়নকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর ফলে সড়কের প্রয়োজনীয় অংশে সংস্কারসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না। এতে এলাকার সাধারণ বাসিন্দা, পথচারী ও কবরস্থানে যাতায়াতকারী ব্যক্তিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রতিবন্ধকতা সৃষ্টি করা গাছগুলো অপসারণের উদ্যোগ নিলে উল্টো হয়রানির শিকার হতে হয়। এ কারণে গাছগুলো অপসারণ করে সড়কের চলাচল স্বাভাবিক এবং উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্মারকলিপি পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত