চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে চলছিল অবৈধ অস্ত্র তৈরি। অভিযান চালিয়ে ওয়ার্কশপ থেকে পেনগান, পিস্তলসহ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।
সোমবার (৩১ আগস্ট) রাতে মির্জাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন—ওই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, সিএনজি অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা স্থাপন করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে দেশীয় পেনগানসহ পাঁচটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো, কারা এই অস্ত্র তৈরির সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে ওই স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।

