পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

পটিয়া সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় মাদকের বিস্তার রোধে আয়োজিত জনসচেতনতামূলক সভা শেষে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ধলঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেকোটা পূর্বপাড়া জামে মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা তেকোটা এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাদকের কারণে যুব ও তরুণ সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক থেকে সমাজকে রক্ষা করতে পরিবার ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় আরও বলা হয়, সম্প্রতি ওই এলাকা থেকে মাদকসংক্রান্ত অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। এ ধরনের ঘটনায় এলাকার সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে কেউ যাতে মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে মসজিদ মাঠ থেকে মাদকবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুকুটনাইট রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। পরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা এক ব্যক্তিকে সতর্ক করেন স্থানীয়রা।
সভায় বক্তব্য দেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ব্যবসায়ী মো. নাসির, আহম্মদ নুর, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ধলঘাট কৃষক দলের সভাপতি নুর হোসেন, ব্যাংকার ফজলুল করিম, ছাত্রদল নেতা সাকিব, যুবদল নেতা রেজাউল করিম বাপ্পী, বিএনপি নেতা ছোটন, নাজিম উদ্দিন বাহার, সজিব, সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত