পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু, আহত ৩

পটিয়া সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পহেলা বড়ুয়া (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা নন্দন বড়ুয়াসহ মোটরসাইকেলে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাঁচারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পহেলা বড়ুয়া কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা নন্দন বড়ুয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় নন্দন বড়ুয়া তাঁর শিশুকন্যা পহেলা বড়ুয়া এবং তাঁর ভাই উদয়ন বড়ুয়া ও ছোটন বড়ুয়ার দুই সন্তানকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে কোলাগাঁও মুন্সিরহাটের উদ্দেশ্যে রওনা হন।

মোটরসাইকেলটি কাঁচারি পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সাত বছর বয়সী পহেলা বড়ুয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নন্দন বড়ুয়াসহ আহত তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। এ সময় এলাকাবাসী ট্রাকটি আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে।

পটিয়ার কালারপোল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছে। দুর্ঘটনায় শিশু পহেলা বড়ুয়ার মরদেহ ও আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Similar Articles

Single Sidebar 1
  • সর্বশেষ
  • পঠিত