এশিয়া কাপের মঞ্চে আজ নতুন অভিযাত্রা শুরু করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অতীতের হতাশা পেছনে ফেলে এবার লক্ষ্য সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ফাইনাল, এরপর শিরোপা জয়। সেই স্বপ্নের প্রথম ধাপ শুরু হচ্ছে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপে নিগার সুলতানা জ্যোতিদের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ফলে গ্রুপপর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শুরুটা জয় দিয়ে করতে পারলে পরের পথ অনেকটাই সহজ হবে।
তবে এবার শুধু গ্রুপপর্ব পেরোনোর লক্ষ্য নয় বাংলাদেশের। আগের আসরগুলোতে সেমিফাইনালে থেমে যাওয়ার হতাশা কাটিয়ে এবার আরও বড় স্বপ্ন দেখছে দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কথাতেও ছিল আত্মবিশ্বাস—সেমিফাইনালের বাধা পেরিয়ে এবার ফাইনালে উঠতে চান তারা, লক্ষ্য শেষ পর্যন্ত শিরোপা।
বড় এই লক্ষ্যের পথে প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পাশাপাশি এটি নিজেদের সামর্থ্য জানান দেওয়ারও প্রথম সুযোগ বাংলাদেশের।
এদিকে আজকের ক্রীড়া সূচিতে রয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ। ক্রিকেটে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হবে বিকেল ৪টায়। সন্ধ্যা ৬টায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নামিবিয়া ও জিম্বাবুয়ে।
ফুটবলে রাত ১২টা ৪৫ মিনিটে ইতালিয়ান সিরি আ-তে আতালান্তার মুখোমুখি হবে বোলোনা। রাত ১টায় ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা খেলবে আর্সেনালের বিপক্ষে। এর আধঘণ্টা পর লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা ও রায়ো ভায়েকানো।
টেনিসপ্রেমীদের চোখ থাকবে ইউএস ওপেনেও। বছরের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরের প্রথম রাউন্ডের খেলা সরাসরি সম্প্রচার শুরু হবে রাত ৯টায়।

