সংসদে পটিয়ার ঝুঁকিপূর্ণ আদালত ভবন দ্রুত নির্মাণের দাবি

এজাহার ডেস্ক

দেড়শ বছরের পুরোনো ও জরাজীর্ণ চট্টগ্রামের পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণের দাবি জাতীয় সংসদে উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম এ বিষয়ে একটি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার প্রস্তাবটি সংসদে উত্থাপিত হিসেবে গ্রহণ করেন।
সংসদে প্রস্তাব উত্থাপনকালে এমপি এনাম বলেন, পটিয়া আদালত ভবনটি দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা এখানে আসেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে দ্রুত নতুন আদালত ভবন নির্মাণ করা প্রয়োজন।

জানা গেছে, পটিয়া আদালত ভবনের বয়স প্রায় দেড়শ বছর। ভবনের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। কোথাও দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও পুরোনো অবকাঠামো নিয়ে তৈরি হয়েছে নিরাপত্তাঝুঁকি। পাশাপাশি আদালতের কার্যক্রম পরিচালনায় জায়গার সংকটও রয়েছে।

পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তানজিনা জাহান বলেন, পুরোনো ভবনের কারণে দীর্ঘদিন ধরে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। নতুন ভবন নির্মাণ হলে বিচারিক কার্যক্রম আরও নিরাপদ ও গতিশীল হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সংসদে প্রস্তাব উত্থাপনের পর দ্রুত প্রকল্প গ্রহণ, অর্থ বরাদ্দ ও নির্মাণকাজ শুরু করে পটিয়াবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত