কাল ঢাকায় আসছেন মার্টিনেজ, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

অনলাইন ডেস্ক

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে মেসি-ডি মারিয়াদের নিয়ে এ দেশের আর্জেন্টাইন সমর্থকদের খেপাটে পাগলামোর চিত্র ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেদন-নিবেদন পৌঁচ্ছে যায় লাতিন আমেরিকার দেশটির জনগণের কাছে।

বাংলাদেশিদের এই আবেগ ছুঁয়ে যায় সব আর্জেন্টাইনদের মাঝে। এর বাইরে ছিলেন না জাতীয় দলের ফুটবলাররাও। তাই ভারতীয় উপমহাদেশে আসার সুযোগ পেয়েই বাংলাদেশের আগ্রহ দেখান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

নানা জটিলতা পেড়িয়ে অবশেষে সোমবার ঢাকায় পা রাখবেন বাজপাখি খ্যাত এই গোলকিপার। একদিনের সফরে তিনি যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। এর পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।

ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত এ তথ্য জানিয়েছেন। তিনিই এমি মার্টিনেজকে বাংলাদেশ ও ভারত সফরে নিয়ে আসছেন। যদিও শুরুর দিকে শুধু ভারত সফরে আসার কথা ছিল কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের।

নিজে থেকে বাংলাদেশ আসার আগ্রহ দেখান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, ‘এমিলিয়ানো মার্টিনেজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য দারুণ ব্যাপার।’

এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন মার্টিনেজ নিজেই। ফেসবুকে সফরের নানা দিক নিয়ে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার গোলকিপার লিখেছিলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এ সফর শুরু হবে বাংলাদেশে। সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। পরে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর হবে।’

বাংলাদেশের সংক্ষিপ্ত সফর শেষে ভারতের উদ্দেশে উড়াল দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত