চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। রানার্সআপ হয়েছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়।

 

পুসাব ইস্ট ডেল্টা টিমের আয়োজনে ১০ ও ১১ সেপ্টেম্বর চান্দগাঁওয়ের ফরচুন স্পোর্টস অ্যারেনায় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের নয়টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি দল অংশ নেয়।

শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কাজের চাপে থাকে। এরপরও ছয় মাস পরপর এ ধরনের ক্রীড়া আয়োজন করা উচিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নৈরাজ্য তৈরি হয়েছে, খেলাধুলার মতো আয়োজনের মাধ্যমে তা অনেকটাই কমে আসবে।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দলকে ১৮ হাজার টাকা এবং রানার্সআপ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় দলকে ১২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে সুস্থ ও ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here