এএফসি বাছাইপর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে এশিয়ান ফুটবল কাউন্সিলের (এএফসি) অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্বের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ মে) মালয়েশিয়ায় এএফসির সদরদপ্তরে দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

যেখানে ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে বাংলার মেয়েদের সঙ্গী শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম। গ্রুপের শীর্ষে থাকা দুই দল এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলবে।

এর আগে এএফসি অ-১৬ টুর্নামেন্টের দুই আসরে চূড়ান্ত পর্বে খেলেছিল বাংলাদেশ। এবার এএফসির অনূর্ধ্ব-১৭ পর্যায়েও চূড়ান্ত পর্বে খেলার ব্যাপারে আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত পর্ব খেলতে চাই। আমাদের সেই সক্ষমতা রয়েছে।’

এদিকে বাছাইয়ের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইরান। সেই হিসেব করলে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। তবে কোচ ছোটন সেটা মানতে নারাজ। তার দৃষ্টিতে, ‘এই পর্যায়ে যারা এসেছে, তাদের সবাই শক্তিশালী।’

আগামী সেপ্টেম্বর মাসে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের দুই গ্রুপের দুই শীর্ষ দল খেলবে মূল পর্বে। ড্র অনুষ্ঠিত হলেও দুই গ্রুপের স্বাগতিক দল এখনও নির্ধারিত হয়নি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত