চট্টগ্রামের পটিয়ায় ধার নেওয়া পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাজ্জাদুর রহমান পারভেজ (৬০) বাদী হয়ে অভিযুক্ত মো: নাসির উদ্দিনের (৫৩) বিরুদ্ধে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার ১৭নং জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকার বাসিন্দা সাজ্জাদুর রহমান পারভেজের নিকট থেকে পূর্ব পরিচয়ের সুবাদে প্রায় ৫ মাস আগে জরুরি প্রয়োজনে ৪০ হাজার টাকা ধার নেন কচুয়াই ইউনিয়নের মৃত গফুরের ছেলে মো: নাসির উদ্দিন। ১ মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তিনি তা পরিশোধ না করে নানা তালবাহানা করতে থাকেন।
ভুক্তভোগী জানান, গত ২৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯:২৩ ঘটিকার সময় পাওনা টাকার জন্য অভিযুক্ত নাসিরের মোবাইলে কল করলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। একই সাথে টাকা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সাজ্জাদুর রহমান পারভেজ বলেন, “টাকা ফেরত না দিয়ে তিনি তাল বাহানা করছেন এবং সবশেষ ফোন করলে আমাকে সরাসরি মেরে ফেলার হুমকি দেন। আইনগত প্রতিকার পেতে আমি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।” এই বিষয়ে পটিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

