পটিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে এমপি এনামুল

পটিয়া সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া পৌরসভার শেয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ ময়দানে ১২ দিনব্যাপী জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে রবিবার রাতে অনুষ্ঠিত ১০ম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ শক্তিশালী করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।

হাজী মুহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে এবং মুহাম্মদ আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান সমাজের অন্যতম বড় ব্যাধি মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, আলেম-ওলামা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি কোনো মাদক ব্যবসায়ী যেন সামাজিকভাবে প্রশ্রয় না পায়, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মাহফিল উদযাপন কমিটির সহ-সভাপতি মুহাম্মদ শওকত আলী। প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন আনোয়ারা চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন হাশেমী এবং বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন মাওলানা কাজী মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক, হারুনুর রশিদ ও বিএনপি নেতা আবদুল মাবুদ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি এবং মাদকমুক্ত সমাজ গড়ার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত