“শিক্ষার্থীরা যত বেশি বই পড়বে, চিন্তার জগৎ তত বিস্তৃত হবে।”-পটিয়ায় ‘মরিয়ম খাদেমী’ পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে এমপি এনাম

হোসাইন মিন্টু

“চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ‘মরিয়ম খাদেমী’ পাঠাগার উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।”

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ৭ লাখের বেশি টাকা ব্যয়ে তরুণ সমাজকর্মী বাহাদুর খাদেমীর অর্থায়নে নির্মিত পাঠাগারটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এনামুল হক এনাম বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত হতে নিয়মিত পাঠাগারে যেতে হবে। একজন শিক্ষার্থী যত বেশি বই পড়বে, তার চিন্তার জগৎ তত বিস্তৃত হবে। তিনি বলেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে শিক্ষার্থীদের বই পড়া ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে বিদ্যালয়ভিত্তিক আধুনিক পাঠাগারের গুরুত্ব রয়েছে। পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি শিক্ষার্থীদের মেধা, মনন ও মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ওসি জিয়াউল হকসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বই পড়া ও পাঠাগারের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বাড়াতে ভূমিকা রাখবে।

পরে ফিতা কেটে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি এনামুল হক এনাম।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত