আড়াই ঘণ্টা অবস্থানের পর রাজশাহীতে তালা ভেঙে কার্যালয়ে ঢুকল বিএনপি

অনলাইন ডেস্ক

রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের তালা খোলার দাবিতে আড়াই ঘণ্টা অবস্থানের পর তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় বিএনপির কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যদেরও প্রত্যাহার করে নেওয়া হয়।

আজ বেলা আড়াইটার দিকে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে তালা খোলার দাবিতে দুপুর ১২টার দিকে কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন ওরফে বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদসহ অন্য নেতা-কর্মীরা।

মোসাদ্দেক হোসেন বলেন, তাঁরা দলীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করেছেন। পুলিশ কমিশনারকে ফোন করেছেন। তিনি ফোন ধরেননি। যখন জানতে পেরেছেন, বোয়ালিয়া থানার ওসি বলেছেন, পুলিশ তালা দেয়নি। তখন তাঁরা নিজেরাই তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন। তখনই তাঁদের কার্যালয়ের সামনে মোতায়েন করা পুলিশও প্রত্যাহার করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘বিএনপি নিজেরাই তালা ভেঙে তাদের কার্যালয়ে ঢুকল। তাহলে তারা কেন এতক্ষণ ধরে এ নাটক করল। তারা গতকালই তাদের কার্যালয়ে ঢুকতে পারত।’ এর আগে তিনি আরও বলেন, বিএনপির ভেতরে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। হয়তো একপক্ষ তালা লাগিয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত