চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন

অনলাইন সংবাদদাতা

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক প্রকৌশলী তারেকুল ইসলাম তানিম। এ সময় তিনি চার দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো-

১. গত ২১ সেপ্টেম্বর চাকরিচ্যুত ব্যাংকারদের সচিবালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উসকানিতে পুলিশ বাহিনীতে লুকিয়ে থাকা একটি রাজনৈতিক দলের গুপ্ত সদস্যদের মাধ্যমে মজলুম ব্যাংকারদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারী বিপথগামী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

২. ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহক ফোরামের নামে ছদ্মবেশী বট বাহিনীকে দ্রুত অপসারণ করে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. অবিলম্বে সব চাকরিচ্যুত ব্যাংকারকে চাকরিতে ফিরিয়ে দিতে হবে।

৪. চাকরিচ্যুতদের অবাঞ্ছিত রাজনৈতিক ট্যাগ দেওয়াসহ তাদের যোগ্যতা নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে।

তারেকুল ইসলাম তানিম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুঃখজনকভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রায় ১০ হাজার নিরীহ ও নিরপরাধ কর্মকর্তা-কর্মচারীকে সম্পূর্ণ অন্যায়ভাবে বিনা নোটিশে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা হয়।’

তিনি বলেন, ‘এর প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে নানা কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিছু দুর্বৃত্ত বারবার হামলা করছে। আমরা এর বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘একটি সভ্য রাষ্ট্রে কোনো কারণ ছাড়াই এভাবে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার দৃষ্টান্ত নেই। হয়তো পৃথিবীর কোনো রাষ্ট্রেও এমন উদাহরণ নেই। কিন্তু আমাদের দেশেই এমনটি ঘটেছে। আমাদের দাবি, চাকরিচ্যুতদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যাংক কর্তৃপক্ষের অন্যায্য ও অমানবিক সিদ্ধান্তে চাকরিচ্যুত ব্যাংকাররা মানবেতর জীবনযাপন করছেন। এমনকি অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। শুধু তাই নয়, একাধিক কর্মকর্তার অকাল মৃত্যু পর্যন্ত ঘটেছে, যা দেশের ইতিহাসে বিরল ও মর্মান্তিক ঘটনা।

বক্তারা বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। চাকরিচ্যুত ব্যাংকাররা আশা করেছিলেন, নির্বাচিত সরকার তাদের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে। তারা এখনও সেই আশায় রয়েছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের এইচ এম আলী আজগর, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল রেজা, সৈয়্যদ এরশাদ, লায়ন ইকবাল ও এইচ এম রিয়াদুল ইসলাম প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত