পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত

পটিয়া সংবাদদাতা

পটিয়ার শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একইসঙ্গে উচ্ছেদ করা হয়েছে উপজেলার পাচুরিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের দীর্ঘদিনের অবৈধ দোকানও।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান। এ সময় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এবং পটিয়া থানা ও হাইওয়ে পুলিশের বিশেষ টিম অভিযানে সহযোগিতা করেন।

অভিযানের সময় মহাসড়কের ওপর দোকানের মালামাল রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে শান্তিরহাট এলাকার এক মুদি দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান পারভেজ, উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মো. আজিজুল মোস্তফা ও সার্ভেয়ার সুবাশিষ চাকমা।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মহাসড়ক ও সরকারি জায়গা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে থাকার সুযোগ নেই। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সরকারি সম্পত্তি রক্ষা করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ করা জায়গায় যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সে বিষয়েও নজরদারি থাকবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত