আজ ১৩ ই সেপ্টেম্বর, রবিবার ইসলামী ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত ব্যাংকারদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে তথাকথিত গুপ্ত গ্রাহক ফোরামের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ঢাকা প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত ব্যাংকারস ফোরাম।

তারা দাবী করেন, বিনা উস্কানিতে হঠাত নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ভাড়াটিয়া তথাকথিত গ্রাহক পরিচয়ে কিছু গুপ্ত দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে চাকুরিচ্যুত ব্যাংকারদের উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা চাকুরিচ্যুতদের ব্যানার, ফেস্টুন জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে ও কিছু চাকুরিচ্যুত বোনদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে দাবী করা হয়।

পরবর্তীতে চাকুরিচ্যুত ব্যাংকারদের প্রতিরোধের মুখে এবং পুলিশ ও আইন শৃংখলা রক্ষাবাহিনির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ও গুপ্ত গ্রাহক ফোরামের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পিছু হটে। এই তথাকথিত গুপ্ত গ্রাহক ফোরামের ভাড়াটে সন্ত্রাসীরা জামায়াত ঘরনার রাজনীতির সাথে সম্পৃক্ত বলে দাবী করেন চাকুরিচ্যুত ব্যাংকারদের মুখপাত্র।

চাকুরিচ্যুতদের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন বলে তারা জানান। পাশাপাশি দাবী আদায় না হওয়া পর্যন্ত ধাকার রাজপথে থাকার ঘোষণা দেন তারা। অনতিবিলম্বে বকেয়া বেতন সহ চাকুরি ফেরতের একদফা একদাবীতে একাত্মতা পোষণ করে দেশের সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন, আইএলও, হিউম্যান রাইটস অরগানিজেশন সহ সরকারকে মজলুমদের পাশে দাড়ানোর আহবান জানান তারা।

