পটিয়ায় মাকে মারধরের অভিযোগে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত তাকে ৬০ দিনের কারাদণ্ড দেন।
পটিয়া থানা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়— মাদকাসক্ত পুত্র কর্তৃক মাকে মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আখতার হোছাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার নুরুল ইসলাম পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাইখাইন এলাকার মৃত সামশুল আলমের ছেলে।
পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাকে পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। মোবাইল কোর্ট তাকে ৬০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

