দুই টেলিভিশনের টকশো বর্জন বিএনপির

অনলাইন ডেস্ক

দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের দলের আলোচকদের অনুপস্থিতির কারণে দর্শকদের কাছে সংশ্লিষ্ট টকশো ও চ্যানেল দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে।’

তিনি আরও বলেন, ‘৯ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে।’

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত