মেয়াদ শেষ, তবুও চলছে গুঁড়া দুধ বিক্রির প্রস্তুতি। দুধের প্যাকেটে ডেট টেম্পারিং করে বাড়ানো হচ্ছিল মেয়াদ। অনুমোদন না থাকলেও ব্যবহার করা হয়েছে বিএসটিআইয়ের লোগো। এমন ভয়ংকর কারসাজি ধরা পড়েছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে। এ ঘটনায় চিটাগাং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।
অভিযানে দেখা গেছে, ‘ডোনা ইন্সটেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যে অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মোড়কজাত, মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের ডেট টেম্পারিং করে মেয়াদ বাড়িয়ে পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নির্ধারিত ফর্মুলা অনুসরণ না করে ‘ফুলক্রিম গুঁড়া দুধ’ হিসেবে পণ্য বিক্রি করার জন্য তৈরি করা হচ্ছিল।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য সিলগালা করা হয়।
একই অভিযানে মা ও শিশু হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

