এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

অনলাইন সংবাদদাতা

ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন ফার্স্টকমের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বকেয়া পাওনা পরিশোধ ও অগ্রিম ব্যাংক গ্যারান্টি দেওয়ার শর্ত পূরণ না করেও কোম্পানিটিকে পৃথকভাবে আন্তর্জাতিক কল লেনদেনের ব্যবসা পরিচালনার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা একটি নির্দেশনাকে কেন্দ্র করে এ বিতর্ক আরও জোরালো হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, এর মাধ্যমে ফার্স্টকমকে বাজারের প্রচলিত শৃঙ্খলা, বিধিবদ্ধ নজরদারি ও আর্থিক দায়ের কাঠামোর বাইরে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

তবে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বিটিআরসি কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করে না এবং কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্দেশনা জারি করেনি। প্রচলিত আইন অনুযায়ী আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বিটিআরসির মহাপরিচালক শফিউল আজম পারভেজ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আন্তর্জাতিক কল লেনদেনের ব্যবসায় যুক্ত আইজিডব্লিউ অপারেটররা কমন ইন্টারন্যাশনাল পয়েন্ট (সিআইপি) পৃথকভাবে ইন্টার-অপারেটর এক্সচেঞ্জ (আইওএক্স) সুইচ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এর আগে অপারেটররা সম্মিলিতভাবে সিআইপিতে যুক্ত হয়ে সেবা দিয়ে আসছিলেন।

আগের ব্যবস্থায় অপারেটরদের সঙ্গে সরকারের রাজস্ব ভাগাভাগি এবং দৈনন্দিন কার্যক্রমের স্বচ্ছতা নিরূপণ তুলনামূলক সহজ ছিল। পাশাপাশি এই নেটওয়ার্কে যুক্ত হওয়ার অন্যতম শর্ত ছিল সংশ্লিষ্ট অপারেটরের আগাম ব্যাংক গ্যারান্টি প্রদান। কোনো অপারেটরের অনাকাঙ্ক্ষিত আর্থিক দায় তৈরি হলে সরকারের পাওনা নিশ্চিত করাই ছিল এ শর্তের উদ্দেশ্য।

২০২৫ সালের ২৫ মে জারি করা আরেকটি নির্দেশনায় বিটিআরসি স্পষ্টভাবে জানায়, ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে সব বকেয়া পরিশোধ না করলে নতুন টপোলজিতে অংশগ্রহণ করা সম্ভব হবে না। অর্থাৎ নতুন টপোলজিতে অংশ নেওয়ার ক্ষেত্রে বকেয়া পরিশোধকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হয়েছিল।

তবে কয়েক মাসের মধ্যেই এ অবস্থানের পরিবর্তন ঘটে। ২০২৫ সালের ২ ডিসেম্বর আইজিডব্লিউ অপারেটর ও বিটিআরসির পাওনা পুরোপুরি পরিশোধ না হওয়া সত্ত্বেও ফার্স্টকমের ওপর আরোপিত ১০০ শতাংশ অপারেশনাল ক্যাপ তুলে নেওয়া হয়।

Similar Articles

Single Sidebar 1
  • সর্বশেষ
  • পঠিত