দেশের জন্য আ. লীগ এখন সবচেয়ে বড় বোঝা: কর্নেল অলি

অনলাইন ডেস্ক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘দেশের জন্য আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় বোঝা। আর কোনো পথ নেই। এই সরকারের পতনই একমাত্র সমাধান। তাই বলছি, সবাই রাজপথে নেমে আসুন। একদফা দাবিতে আয়োজিত সকল কর্মসূচি সফল করুন।’

আজ শুক্রবার রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

অলি আহমদ বলেন, ‘সমগ্র দেশ চোর, ডাকাত, লুটেরা ও বাটপারদের হাতে বন্দি। তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে নামতে হবে। যদি জনগণ রাজপথে না নামে তাহলে আওয়ামী চক্র দেশকে ধ্বংস করে দেবে।’

তিনি বলেন, ‘লুটেরা চক্র দেশ থেকে টাকা পাচার করে আরাম-আয়েশে আছে। আর জনগণকে এক বেলা ভাত জোগাতে হিমশিম খেতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম লাগামহীন ভাবে বেড়েই চলছে। পরিবার নিয়ে বেঁচে থাকতে প্রায় ৭০ ভাগ লোক আসবাবপত্র বিক্রি করে দিচ্ছে।’

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত