চট্টগ্রামে ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের পাহাড়তলীতে আইনজীবীর কাছ থেকে ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রি কার্যালয়ের ৩ জনকে ধরা পড়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।

দুদক জানিয়েছে, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখেন।

দলিল দুটি রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। এরপর দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here