শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১১টায় গেটগুলোর ওপেনিং ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ১ ফুট করা হয়। এর আগে রাত ৮টার দিকে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছিল। পরে হ্রদের পানির চাপ ও দ্রুত পানি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে রাত ১০টা ৩৫ মিনিটে গেটের ওপেনিং দ্বিগুণ করে ১ ফুট করা হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী তারেক আহাম্মেদ জানান, হ্রদের পানির উচ্চতা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে স্পিলওয়ের গেটের ওপেনিং বাড়ানো হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রোববার সকাল ১০টার দিকে গেটের ওপেনিং আরও ১ ফুট বাড়িয়ে ২ ফুট করা হতে পারে।
গেট ২ ফুট পর্যন্ত খোলা হলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি নির্ধারিত ধারণক্ষমতার দিকে এগিয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পানি পর্যায়ক্রমে কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। পানির উচ্চতা আরও বাড়লে গেটের ওপেনিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে স্পিলওয়ের গেট দিয়ে অতিরিক্ত পানি ছাড়ার ফলে কাপ্তাই বাঁধের ভাটিতে কর্ণফুলী নদীর পানির প্রবাহ আরও বাড়তে পারে। এ কারণে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমেও বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের গেট দিয়ে অতিরিক্ত পানি যুক্ত হওয়ায় নদীতে পানির প্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

