শিশুদের সুরক্ষা ও উন্নয়নে সরকার তাঁর অঙ্গীকার বাস্তবায়ন করছে -বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেছেন, ‘শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের প্রতিটি শিশুর সুরক্ষা ও উন্নয়নে সরকার তাঁর প্রতিশ্রুতির বেশি কার্যক্রম বাস্তবায়ন করছে। নানাবিধ কার্যক্রমের ফলে বর্তমানে দেশে বাল্য বিয়ের হার কমেছে, মেয়েরা শিক্ষামুখী হয়েছে, সামগ্রিকভাবে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম কমে আসছে। অর্থনৈতিক কারণে সাধারণ শ্রমের সাথে যারা যুক্ত সেই সমস্ত শিশুদের কিভাবে সাধারণ শিক্ষা এবং তারপর কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করা যায় সে বিষয়েও কাজ করছে সরকার। এক্ষেত্রে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে সরকার দায়িত্ব দিয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর সম্মিলিতভাবেও এই বিষয়ে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। ৯৯৯, ১০৯, ১০৯৮ হেল্পলাইনের মাধ্যমে দেশে শিশুর প্রতি সকল ধরণের বৈষম্য, অনাচার, সহিংসতা শূণ্যের কোঠায় চলে আসছে। সহজেই শিশুরা, পরিবারের সদস্যরা, সমাজের যে কেউ সরকারি সেবাগুলো দ্রুত গ্রহণ করতে পারছে। সামগ্রিকভাবে আগামির প্রজন্ম শিশুদের দক্ষ ও মেধাবি করে গড়ে তুলতে যে উদ্যোগ প্রয়োজন তার সবই করছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এগুলো প্রধানতম শর্ত। সেই শর্ত পূরণ করেই সোনার বাংলায় পরিণত হয়েছে আজকের বাংলাদেশ’।

সোমবার (২৮ আগস্ট) বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়স্থ কনফারেন্স রুমে আয়োজিত ‘শিশুর প্রতি সহিংসতা (বাল্য বিবাহ ও শিশুশ্রম) বন্ধে করণীয়’ বিষয়ক এক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মাধবী বড়–য়া, শ্রম অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক সালাহউদ্দীন মাহমুদ, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোসলেম উদ্দীন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের সহায়তায় সংলাপের আয়োজন করে অগ্নিবীণা শিশু ফোরাম। ওয়ার্ল্ডভিশনের সিইএসপি’র সহকারী পায়েল খ্রিস্টিনার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশনের আইওয়াশ ও সিইএসপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর জনি রোজারিও। অগ্নিবীণা শিশু ফোরামের সভাপতি অচ্যুতানন্দের সভাপতিত্বে সংলাপে বাল্য বিবাহ ও শিশুশ্রমের উপর বক্তব্য উপস্থাপন করে অগ্নিবীণা শিশু ফোরামের সহ-সভাপতি তাসলিমা আক্তার ও শিশু এম্বাসেডর ফাতেমা তুজ জোহরা।
সংলাপে সাংবাদিক, সমাজসেবক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিশু ফোরামের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত