অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তার আগের দিন বুধবার এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আবারও আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ অর্থবহ হয়ে ওঠে।

‘আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানব জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।’

তিনি বলেন, প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানরা কুরবানি দেয়া পশুর মাংস আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন।

সরকার প্রধান বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

বার্তার শেষ দিকে শেখ হাসিনা বলেন, ‘সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ঈদ মোবারক।’

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত