খালেদা জিয়ার ‘পথ আটকে’ নেতাকর্মীদের স্লোগান

অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টার পর বাসভবনের সামনে আসে খালেদা জিয়াকে বহন করা একটি সাদা রঙের গাড়ি। তাদের পেছনে ছিল আরেকটি গাড়ি। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা দলীয় চেয়ারপাসনের গাড়ি ঘিরে ধরেন। তার ‘পথ আটকে’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে তারা বলছিলেন, ‘এই মুহূর্তে দরকার, খালেদা জিয়া সরকার’।

দীর্ঘ সময় ধরে গাড়ি ‘আটকে’ স্লোগান দেওয়ায় অসুস্থ খালেদা জিয়া বাসায় ঢুকতে পারছিলেন না। তিনি গাড়ির পেছনের সিটে বসা ছিলেন। এ সময় সামনের সিটে বসা একজন পথ ছেড়ে দিতে সামনে থাকা নেতাকর্মীদের ইশারা দেন। কিন্তু তারা পথ ছাড়ছিলেন না। এভাবেই কিছু দূর এগিয়ে যায় গাড়ি। পাশে বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন গণমাধ্যমকর্মীরা।

চারপাশ ঘিরে ধরে স্লোগান দিতে দিতেই খালেদা জিয়ার গাড়ি বাসভবনের সামনে চলে আসে। এ সময় বাসার গেট থেকে এগিয়ে আসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। তিনি গাড়ির সামনে থেকে সবাইকে সরে যেতে বলেন। কিন্তু তার নির্দেশের পরও খালেদা জিয়ার গাড়ির সামনে থেকে কেউ সরে যাচ্ছিল না। আরও কিছুক্ষণ পর খালেদা জিয়াকে নিয়ে গাড়ি বাসায় প্রবেশ করে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত