বিদেশে পালানোর চেষ্টায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল না করায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত অবৈধ সম্পদ নিজ ভোগদখলে রাখায় ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায়, দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এ ছাড়া সার্বিক তদন্তকাজে বিঘ্ন সৃষ্টিসহ ক্ষতির আশঙ্কা রয়েছে।

