জামায়াতকে ছাড় দিচ্ছি না, সমঝোতাও হয়নি-স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

সরকার জামায়াতে ইসলামীকে কোনো ছাড় দিচ্ছে না এবং দলটির সঙ্গে কোনো সমঝোতাও হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১ নভেম্বর) রাতে রাজধানীর মনিপুরী পাড়ার বাসায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধন বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর আমরা জামায়াতে ইসলামীকে মহাসমাবেশ করার অনুমতি দিইনি। কিন্তু তারা অনুমতি ছাড়াই লোক জমায়েত করেছিল। সেসময় পুলিশ যদি বাধা দিত, তাহলে একটা সহিংসতার ঘটনা ঘটতে পারত। এজন্য তাদের সমাবেশ করতে দেওয়া হয়েছিল। এখানে সমঝোতা বা ছাড় দেওয়ার কোনো বিষয় নেই। সহিংসতা এড়াতেই পুলিশ তাদের বাধা দেয়নি।

তিনি আরও বলেন, সেদিন একদিকে বিএনপি অন্যদিকে জামায়াতে ইসলামী সমাবেশ করছিল। পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।

এসময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত কোনো নিবন্ধিত দল নয়। সুতরাং আগামীতে তাদের কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হবে না।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত