দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেল ৩টা ৩৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

প্রসঙ্গত, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। ওইদিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।

বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ)- কৃষি গবেষণায় সহযোগিতা, সংস্কৃতি বিনিময়, বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপি’র (দুই দেশের সাধারণ মানুষ পর্যায়ে) মধ্যে লেনদেন সহজ করার বিষয়ে স্বাক্ষরিত হয়।

গতকাল শনিবার জি-২০ সম্মেলনে ভিন্ন ভিন্ন অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ শীর্ষক দুটি বক্তৃতা দেন।

‘ওয়ান আর্থ’ ও ‘ওয়ান ফ্যামিলি’ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৈশ্বিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করা যায় তা তুলে ধরেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তার সরকারের মেয়াদকালে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অবিশ্বাস্য সাফল্যের অভিজ্ঞতা বিশ্ব নেতাদের কাছে উপস্থাপন করেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন আজ রোববার অন্য দেশের নেতাদের সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে এবার মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ মোট ৯টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত