মায়ের দেওয়া কিডনিতে বাঁচল মেয়ের জীবন

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথমবারের মতো সন্তানের জন্য মায়ের দেওয়া কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপন শেষে সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছে কিডনি গ্রহণকারী ১৭ বছর বয়সী শ্রাবণী ও দাতা ৪৫ বছর বয়সী মনোয়ারা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সুপার স্পেশলাইজড হাসপাতালের ৬ষ্ঠ তলায় এই কিডনি দাতা ও গ্রহীতাকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র প্রদান করা হয়। এ সময় কিডনি গ্রহীতা ও দাতাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও কেকে কেটে বিদায় জানানো হয়।

সুপার স্পেশলাইজড হাসপাতাল সূত্র জানায়, ফরিদপুরের বাসিন্দা ১৭ বছরের শিশু শ্রাবণী দীর্ঘদিন ধরে কিডনি ফেইলর হয়ে অসুস্থ ছিলেন। তার মা ৪৫ বছর বয়সী মনোয়ারা মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন। নিজের একটি কিডনি দান করার সম্মতি দেন তিনি। কিডনি দাতা ও গ্রহীতার সকল আইনি প্রক্রিয়া শেষ হবার পর গত ১ আগস্ট বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়।

এ কিডনি প্রতিস্থাপনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। এ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. দেবব্রত বনিক, ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, শিশু কিডনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেনসহ ৩১ জন চিকিৎসক এই কিডনি প্রতিস্থাপনের বিভিন্ন চিকিৎসাসেবার কার্যক্রমে অংশ নেন।

তাদের ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আজকে আমাদের অন্যরকম একটি দিন। আমাদের সামনে কিডনি দাতা মা ও কিডনি গ্রহীতা মেয়ে হাসিমুখে বসে আছের। এমন হাসিমাখা মুখ সকল রোগীর ক্ষেত্রে আমরা দেখতে চাই।

তিনি আরও বলেন, দেশের রোগী যেন দেশের বাইরে না যায়, সে লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সুপার স্পেশালাইজড হাসপাতাল কাজ করছে। দেশের মানুষ ট্রান্সপ্লান্ট বিশেষ করে কিডনি, লিভার, কর্নিয়া ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যায়। এ ছাড়াও বিদেশে যায় ক্যান্সার, ইনফার্টিলি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কপিক, স্টেমসেল থেরাপি, রোবটিক সার্জারি, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনে। আমরা এসব চিকিৎসা সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

এদিকে অনুষ্ঠানে কিডনি গ্রহীতা ও দাতাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও কেকে কেটে বিদায় জানানো হয়। এ সময় হাসপাতালের পক্ষ থেকে তাদের ওষুধ তুলে দেন উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত