বিএনপির পদযাত্রায় ব্যানারের লাঠি দিয়ে ‘পুলিশকে মারধর-ডিসি রমনা

অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন দাবি করেছেন, বিএনপির পদযাত্রা থেকে কয়েকজন পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। ব্যানারের লাঠি দিয়ে তারা পুলিশকে মারধর শুরু করে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর সিটি কলেজ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘পদযাত্রা কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে মারধর শুরু করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে তারা বিআরটিসির একটি বাসে আগুন দেয়। এ সসয় তারা বাসের জানালার কাচ ভাঙচুর করে।’

ডিসি আশরাফ হোসেন বলেন, ‘বিএনপির আজকের পদযাত্রা ছিল পূর্বনির্ধারিত। ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। খুব শান্তিপূর্ণভাবে তারা শুরুও করেছিল। সামনের সারিতে যেসব নেতাকর্মীরা ছিলেন, তারা খুব ভালো আচরণ করেছেন। এ পর্যন্ত (সায়েন্সল্যাব) এসে তাদের যা করার কথা ছিল, তাই করেছেন। সব সিনিয়র লিডাররা তখন চলে যান।’

রমনা বিভাগের এ ডিসি বলেন, ‘সংঘর্ষে জড়ানো ১০ থেকে ১৫ জনকে আমরা আটক করেছি। সংঘর্ষে বেশ কিছু পুলিশ সদস্যও আহত হয়েছেন। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব।’

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত