একদফা এক দাবী- অনতিবিলম্বে বকেয়া বেতন সহ চাকুরি ফেরত

ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকুরিচ্যুতদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

অনলাইন সংবাদদাতা

আজ ১৩ই সেপ্টেম্বর, রবিবার সকাল ৯.০০ টা থেকে ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয় দিলকুশা মতিঝিলস্থ ইসলামী ব্যাংক টাওয়ার এর সামনে ২০২৪ এর ৫ আগস্ট এর রাজনৈতিক পট পরিবর্তনের পর বিগত  অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের আমলে চাকুরিচ্যুত ৫৫০০ এর অধিক ব্যাংক কর্মকর্তারা এক শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন।

চাকুরিচ্যুতদের এক দফা এক দাবী হলো যাতে বকেয়া বেতন সহ তাদের অনতিবিলম্বে চাকুরিতে পুনর্বহাল করা হয়। বিগত ইউনুস সরকারের আমলে কোন ধরণের কারণ দর্শানো নোটিশ ব্যতীত এই সকল ব্যাংকারদের বিতর্কিত ভাবে চাকুরিচ্যুত করা হয়। চাকুরিচ্যুতদের দাবী তাদেরকে শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতিহিংসার কারণে গণহারে চাকুরিচ্যুত হতে হয়েছে যাদের মধ্যে অনেকের ব্যাংকিং ডিপ্লোমা সহ অনেক ব্যাংকিং প্রফেশনাল ডিগ্রিও আছে।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক এই চাকুরিচ্যুতির বিষয়ে ২ মাসের মধ্যে একটি অডিট করার কথা বলা হলেও সেই অডিট রিপোর্ট এখনো প্রকাশ না পাওয়ায় চাকুরিচ্যুতরা ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম এর এক দলীয় সভায় ৫ই আগস্টের পর চাকুরিচ্যুতদের বিষয়ে বলতে গিয়ে বলেন যে তাদের উপর জুলুম করা হয়েছে।

চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, “আমরা চাকুরিচ্যুত ব্যাংকাররা মানবেতর জীবন যাপন করছি গত ১০ মাস ধরে। আমাদের অনেকের চাকুরির বয়স নেই। আমাদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। আমাদের এক দফা এক দাবী- অনতিবিলম্ভে বকেয়া বেতন সহ আমাদের চাকুরি ফেরত দেয়া হোক।”

আজ সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা নাগাদ শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাক দেয়া হলেও চাকুরী ফেরত না পেলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিচ্ছেন ইসলামী ব্যাংক চাকরিচ্যুত ব্যাংকারস ফোরাম। এই বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংক ও সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত