অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানিয়েছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংঘটিত ব্যাপক দুর্নীতির অভিযোগের তথ্য কমিশনে আসে। ওই সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিযোগে বলা হয়েছে, তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের সঙ্গে যোগসাজশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যাপক দুর্নীতি করেছেন।
দুদক সূত্র আরও জানায়, এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য ইতোমধ্যে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক।
গঠিত অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে দুদকের উপপরিচালক জাহিদ কালামকে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন এবং রোমান উদ্দিন।
দুদকের গঠিত এই দল অভিযোগের বিষয়ে অনুসন্ধান করবে এবং সংশ্লিষ্টদের ভূমিকা ও অভিযোগের সত্যতা যাচাই করবে।

