চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা লুট করেছে ডাকাত দল। প্রমাণ মুছে ফেলতে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও। কয়েকদিনের ব্যবধানে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে উপজেলার কয়েকটি গ্রামে।
রোববার (৩০ আগস্ট) মধ্যরাত আড়াইটার সময় উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর আলী মিয়ার বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন—ওই এলাকার প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের বাবা মোহাম্মদ সিরাজ রাতে বাড়ির পাশের জমিতে ফসল পাহারা দিতে বের হলে, আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতরা বাড়িতে ঢোকে। প্রথমে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেয় তারা। পরে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, সশস্ত্র ডাকাত দল।
ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল। পরিবারের সদস্যদের জিম্মি করে প্রথম বাড়ি থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুট করে তারা।
এরপর নুরুল ইসলামের মা রাজিয়া বেগমের গলায় ছুরি ধরে পাশের বাড়ির দরজা খুলতে বাধ্য করে ডাকাতরা। ওই বাড়িতে ঢুকে আরও প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করা হয়। পরে দ্বিতীয় তলায় থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা।
ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, ডাকাতরা প্রথমে পুলিশ পরিচয় দিয়েছিল। পরে তাদের ডাকাত হিসেবে বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়। সবার হাতেই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল।
স্থানীয়রা জানান, ডাকাতরা এলাকায় ঢোকার সময় বাড়ি ফেরার পথে পিকআপচালক তারেককেও জিম্মি করে। ডাকাতির খবর বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতেই তাকে জিম্মি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা শুনেছেন। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে গত ২৬ আগস্ট কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে ডাকাতি করে প্রায় সাড়ে ৭ থেকে সাড়ে ৮ লাখ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণ লুট করা হয়।
২৫ জুলাই জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী গ্রামে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৭ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা লুটের ঘটনা ঘটে। এরপর গত ২৩ এপ্রিল অস্ত্রের মুখে জিম্মি করে চারটি গরু ও নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা লুট করে ডাকাতরা।

