মাহির মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়ন ফরমও তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন এই চিত্রনায়িকা। কিন্তু এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল করেছে রাজশাহী নির্বাচন কমিশন অফিস।

আজ রবিবার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এর আগে, গতকাল শনিবার রাতে মাহি তার ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘যেটা খবর পেলাম, সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।’

এমন হুশিয়ারি কাকে উদ্দেশ করে দিয়েছেন তা উল্লেখ করেননি মাহিয়া মাহি।

অগ্নিকন্যা’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘শুনেছি আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করব। যে গ্রাউন্ড দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, সে বিষয়ে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। আপিল করার পর আমি সেগুলো উপস্থাপন করব।’

এর আগে স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে মাহি বলেছিলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি। আশা করি, এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।’

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত