পটিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মসজিদের মোতোয়াল্লির উপর হামলার অভিযোগ

পটিয়া সংবাদদাতা

পটিয়ায় মসজিদের দোকান ঘরের বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে দক্ষিণ জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মোতোয়াল্লি হাজী মো. আবু সিদ্দিক (৫৬) বাদী হয়ে পটিয়া থানায় মো. শাহজাহান চৌধুরী (৫৪), মো. নোমান (৩৮) এবং ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​হামলার শিকার আবু সিদ্দিক পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী আবদুস ছত্তারের ছেলে। গত শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌরসদরের বৈলতলী রোড এলাকায় এই ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণ:

অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার ‘হাজী আবদুস সাত্তার জামে মসজিদ’-এর পরিচালনা খরচের জন্য ছয়টি দোকান ঘর রয়েছে। বিগত ৫ বছর পূর্বে বিবাদী মো. শাহজাহান চৌধুরী একটি দোকান চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া নেন। তবে গত ৫ মাস ধরে তিনি কোনো ভাড়া প্রদান করেননি।

​গত ২৫ সেপ্টেম্বর রাতে শাহজাহান চৌধুরীর সাথে মোতোয়াল্লি আবু সিদ্দিকের দেখা হলে তিনি বকেয়া ৫ মাসের ভাড়া পরিশোধের অনুরোধ জানান। এতে বিবাদী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে বিবাদী মোবাইলে কল করে মো. নোমানসহ ১০–১২ জন সশস্ত্র সহযোগীকে ডেকে আনেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর ওপর হামলা চালায়।

​অভিযুক্তের বক্তব্য ও প্রশাসনের পদক্ষেপ:

এ বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরীর মোবাইল ফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মসজিদের দোকান ঘরের বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঘটা একটি ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Similar Articles

Single Sidebar 1
  • সর্বশেষ
  • পঠিত