চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর হাজারী হাট এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় তা আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়তে পারেনি।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমির মাওলানা হাসান মুরাদ, উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, পারুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবদুল্লাহ মোহাম্মদ নোমানসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে ফোনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মানবিক চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদের ক্ষতি পূরণে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এই ক্ষতি একার পক্ষে পূরণ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় আগুন আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

