আন্দোলন দমাতে গণহারে সাব-স্টাফদের চাকুরিচ্যুতির অভিযোগ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে

আন্দোলন দমাতে আবারো গণহারে চাকুরিচ্যুতির অভিযোগ উঠেছে ইসলামী ব্যাংক পিএলসির বিরুদ্ধে। এবার বলি হলেন সাব-স্টাফদের একাংশ।

আজ (০৩ ই সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ০৩ টার দিক থেকে হঠাৎ মেইলে টার্মিনেশন লেটার পেতে শুরু করেন কয়েকজন সাব-স্টাফ, মেসেঞ্জার কাম গার্ড ও সিকিউরিটি গার্ড। এই বিষয়ে সদ্য চাকুরিচ্যুত সাব-স্টাফ (মেসেঞ্জার কাম গার্ড) নাহিদ হাসান শুভ এর সাথে “সাপ্তাহিক এজাহার” প্রতিনিধি মুঠোফোনে কথা বললে তিনি কান্নায় ভেঙে পড়েন। শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে আগের ৫৫০০ জন ব্যাংকের নিরাপরাধ কর্মকর্তাদের মত  তাকেও চাকুরিচ্যুত করা হয়েছে বলে তিনি জানান।

নাহিদ হাসান শুভ আরো জানান যে, আগামী ৬ই সেপ্টেম্বর থেকে সাব স্টাফদের চাকুরী স্থায়ীকরণের ন্যায্য দাবী আদায়ের জন্য হেড অফিসের সামনে আন্দোলনের বার্তা ছিল তাদের নিকট। এজন্য ব্যাংক ম্যানেজমেন্ট তাদের এই ন্যায্য আন্দোলন এর টুটি চেপে ধরতে ও আন্দোলন ভন্ডুল করার অংশ হিসেবে তার মতো অনেককেই বলির পাঠা বানাচ্ছেন। তিনি দ্রুত অন্যায়ভাবে  চাকুরীচ্যুতদের চাকুরি পুনর্বহালের দাবী জানান।

উল্লেখ্য, ৫ই আগস্টের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রায় ৫৫০০ জন এর অধিক ব্যাংক কর্মকর্তাকে কোন ধরনের কারণ দর্শানো নোটিশ না দিয়ে শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ না করার অভিযোগে গণহারে চাকুরিচ্যুত করেছিল ব্যাংকের ততকালীন ম্যানেজমেন্ট। সেই সময়কার চাকুরিচ্যুতরাও নানা সময় তাদের ন্যায্য দাবীতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ সহ রাজপথে নেমেছেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাদের এই চাকুরিচ্যুতির বিষয়কে একটি রাজনৈতিক দলের চরম জুলুম বলে আখ্যায়িত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here