অনলাইন ডেস্ক

পটিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ৫ মোটরসাইকেলসহ আটক ৬

মোরশেদ আলম, চট্টগ্রাম || কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে আনা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবার চালান। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চালান ভেস্তে দিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের আনুমানিক ১ লাখ পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১দিকে
চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি বাইকার গ্যাং কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। এরপর সেখানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করা হয়।

একপর্যায়ে ৫টি মোটরসাইকেলে করে ৬ জন ওই স্থানে পৌঁছালে তাদের আটক করা হয়। পরে মোটরসাইকেলগুলোর বক্স তল্লাশি করে কাঁধের ব্যাগে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

আটক ব্যক্তিরা হলেন— মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত