দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে জেলাভিত্তিক দায়িত্ব প্রদান করেছে সরকার। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি—এই তিন জেলার সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নির্ধারিত জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সুশাসন নিশ্চিতকরণসহ সরকারি দপ্তরগুলোকে দিকনির্দেশনা এবং জনকল্যাণমূলক কাজের তদারকি করবেন। প্রয়োজনে তাঁরা জেলা পর্যায়ের প্রশাসনিক সভাগুলোতেও অংশ নিতে পারবেন।
এই তালিকায় চট্টগ্রাম জেলার দায়িত্ব পেয়েছেন মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং কক্সবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রুকে। এ ছাড়া ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, ড. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, এবং অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশের অবশিষ্ট বিভিন্ন জেলার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট জাতীয় সংসদে একাধিক মন্ত্রণালয়ের কার্যাবলি সম্পাদন ও সংসদ সংক্রান্ত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন ব্যারিস্টার মীর হেলাল।

