পটিয়ায় দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। উপজেলার প্রায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপেন কান্তি দে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে।
এ সময় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা এবং হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় হ্যান্ডবল ও দাবা বালক (সিনিয়র) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল মহিলা বিভাগে এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং দাবা বালক (জুনিয়র) বিভাগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
এ ছাড়া কাবাডি বালক বিভাগে ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ এবং মহিলা বিভাগে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও ফারহানুর রহমান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ও আয়োজকদের সাধুবাদ জানান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

