রাউজানে প্রকাশ্য বাজারে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাজারের মধ্যে প্রকাশ্যে গুলি করে এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরাণীহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম মুহাম্মদ করিম (৩৫)। তিনি উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফির ছেলে এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৯টার দিকে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় পাশের পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি বাজারে আসেন। তারা করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুঁড়ে পালিয়ে যান। এরপর প্রায় আধ ঘণ্টা করিমের লাশ সড়কেই পড়ে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গুলিতে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে জানি না। আমরা মাত্র ঘটনাস্থলে এসেছি।’

এর আগে গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি করে খুন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here