চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই নিহতের স্বামী মারুফ পারভেজ পলাতক বলে জানা গেছে।
পরে এ ঘটনায় নিহতের স্বামীসহ দুইজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা রুপা আকতার।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো নেহাকে। তার স্বামী মারুফ পারভেজ একাধিকবার নির্যাতন করেছে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে বারবার সতর্ক করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।
নিহতে মা রুপা আকতারের দাবি, সর্বশেষ তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে তার মেয়ের স্বামী মারুফ পারভেজসহ দুইজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

